বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার লক্ষণখোলার ফনকুল ও মদনপুরের ফুলহর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে জরিমানার মোট দেড় লাখ টাকা আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

