বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় দুটি মেঘলা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত এসে গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগের পর মুহূর্তের মধ্যেই বাস দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম সজানান, তাঁর দুটি বাসই সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনে মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ১০ জন দুর্বৃত্ত সড়কে দাঁড়িয়ে থাকা তাঁর দুটি মেঘলা পরিবহনের বাসে আগুন দেয়। এতে তাঁর সর্বস্ব শেষ হয়ে গেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
