বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। ।
ভুক্তভোগির পরিবার জানায়, কয়েকদিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেন আবুল কালাম। মাদক ব্যবসায়ী শাহাদাতের ছোট ভাই শাহজালাল বেশ কয়েকদিন ধরেই আবুল কালাম কে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে বাড়ির একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কালাম বর্তমানে হবিগঞ্জ জেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত। তবে গত ছয় মাস ধরে তিনি কর্মস্থলে যোগদান না করে নিজ এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত একটি বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মাদক কারবার-সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রতিবাদ করা কিংবা কাউকে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
