বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের টানা দুই দিনের কর্মবিরতি ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ও বুধবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। বুধবার সন্ধ্যার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নাশকতার অভিযোগে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার আন্দোলন চলাকালে পুলিশ মোট আটজনকে গ্রেফতার করে। পরে বুধবার বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
