বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গোৎসব ঘিরে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এর অংশ হিসেবে বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী দেবমন্দির পরিদর্শন করেছেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এ সময় তিনি মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১১।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জসহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। টহল দলের পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম ও সমন্বয় সেলের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা এবং সাদাপোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ, ড্রোন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এসআরবি-১১ অধিনায়ক দায়িত্বে থাকা ব্যক্তিদের আশ্বস্ত করেন, উৎসবের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে দুর্গোৎসবের আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
