বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। ধর্মীয় উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা এলাকার শ্রীশ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ধারাবাহিক এ কর্মসূচির পঞ্চম দিনে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ও প্রভাতের উপদেষ্টা ননী গোপাল সাহা, বিকাশ সাহা, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু এবং বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা ।
নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার অর্থ পরিচালক ভজন দাস সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্রকাশ। মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে আমরা অশুভ শক্তির বিনাশ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা লাভ করি।
“উৎসবের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মুখেও হাসি ফোটে। আজকের এই আয়োজনের মাধ্যমে অসহায় শিশু ও মায়েদের হাতে নতুন বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। একটি নতুন পোশাক কিংবা আর্থিক সহায়তা শুধু প্রয়োজন পূরণের মাধ্যম নয়, বরং এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
“আমি আশা করি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মানুষের পাশে দাঁড়াতে পারলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
পরিশেষে তিনি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ মহানগর ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন পাল বলেন, “শারদীয় দুর্গোৎসব আনন্দ, ভালোবাসা ও মানবিকতার উৎসব। এই আনন্দ যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের অসহায় শিশু, মা ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনেও আনন্দের আলো ছড়িয়ে পড়ে—সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।
“নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত হতে পারে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কোনো সীমা নেই। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে অসহায় মানুষের মুখে আরও বেশি হাসি ফোটানো সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”
সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস কিশোর দাস, বন্দরের সুজন দাস, মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর ও তপন চন্দ্র ধর, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার সাহা, সহ-সাংগঠনিক জীবন সাহা,জয়ন্ত কুমার সাহা পিংকু, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, ১৮ নং ওয়ার্ড সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা মহানগরের অর্থ বিষয়ক সম্পাদক পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, সনি সাহা,প্রবাস বিশ্বাস, রঞ্জিত দাস, কিশোর দাস, উত্তম সরকার, তরুণ দাস, রতর সাহা, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, প্রবাস সাহা, উত্তম সরকার, তরুন দাস,সহ জেলা ও মহানগর ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এটি ছিল তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের পঞ্চম দিন। এদিন নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫০ জন অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
তারা আরও জানান, মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

