বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকাল থেকে রাত পর্যন্ত তাঁরা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতিফলন। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে সর্বজনীন। তাঁরা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, রিপন কর্মকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ চন্দ্র দাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত কুমার সাহা পিংকু,প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ, ১৩ নম্বর ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণপদ মজুমদার, ১৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, মহানগর ঐক্য পরিষদের অর্থবিষয়ক সম্পাদক পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, প্রবাস বিশ্বাস, কিশোর দাস, উত্তম সরকার ও তরুণ দাস, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, মহানগর ঐক্য পরিষদের নেতা রতন সাহা, সহ জেলা ও মহানগর ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তাঁদের এ পরিদর্শন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।

