বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ অপর একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে আইসিইউতে মারা যান রিয়াজ। এর আগে একই দিন ভোরে মারা যান তাঁর বোন রোজিনা আক্তার (৩০) ও বোনের স্বামী শরীফ হোসেন (৩৪)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদারের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের শরীরের ৪০ শতাংশ করে পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে রোজিনা এবং ভোর ৪টার দিকে শরীফের মৃত্যু হয়। পরে দুপুর সোয়া দুইটার দিকে মারা যান রিয়াজ।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি রনি মিয়া ভবনটির তত্ত্বাবধায়ক। বিস্ফোরণে তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ছয়তলা ভবন ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের চাপ বাড়ানোর কম্প্রেসার লাইনে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হন।
পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর একই পরিবারের ভাই-বোন ও বোনের স্বামীর মৃত্যু হলো। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক।

