বিজয় বার্তা ২৪ ডট কম
কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
কর্মসূচির অংশ হিসেবে ‘কিশোরদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামী সুস্থতা’ শীর্ষক কর্মশালায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী ও ৩৩ জন শিক্ষক অংশ নেন। এতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং কৈশোরকালীন স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে কিশোরীদের প্রয়োজনের সময় সহজে স্যানিটারি প্যাড ব্যবহারের সুযোগ তৈরি করতে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, বয়ঃসন্ধিকাল থেকেই কিশোরীদের নিজেদের বিশেষ প্রয়োজন সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। সেই সচেতনতা তৈরির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরীদের জন্য কমন রুমে একটি বিশেষ কর্নার থাকা প্রয়োজন, যাতে তারা প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতে পারে। পাশাপাশি এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদেরও সচেতন থাকতে হবে এবং শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
