বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থি দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ তার। অনদিকে নাসিক প্রশাসকের বিরুদ্ধে হামলার অভিযোগ আইনজীবীদের।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানের অভিযোগ, সাখাওয়াত হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে সমিতির একটি কক্ষে প্রবেশ করে আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের গায়ে হাত তোলেন তিনি। পরে উত্তেজিত আইনজীবীরা তাকে সভাপতির কক্ষে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে দাবি করেন তিনি। পরে ক্ষমা চেয়ে তিনি সেখান থেকে বেরিয়ে যান বলেও জানান আনোয়ার প্রধান।
আইনজীবীদের দাবি, দুটি কোর্ট একসঙ্গে রাখার দাবিসহ আদালতের বিভিন্ন বিষয় নিয়ে তাদের আন্দোলনের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রশাসকের বিরুদ্ধে আগামীকাল সিআর মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, সরকারের বিভিন্ন আদেশের বিরোধিতা করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপিকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। এমনকি তার কক্ষে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, ডিসি অফিসের একটি সভা শেষে বারে সাক্ষাৎ করতে গেলে কয়েকজন আইনজীবী তাকে নিয়ে মন্তব্য ও বকাবকি করেন। তাকে কেউ অবরুদ্ধ করেনি দাবি করে সাখাওয়াত বলেন, ওই সময় তার সঙ্গে অধিকাংশ আইনজীবী উপস্থিত ছিলেন। ‘মনগড়া বক্তব্য দিয়ে আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে’ বলে দাবি করেন তিনি।

