বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের চারটি কালো কটি, দুটি ওয়াকিটকি, হ্যান্ডকাফ, আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ এলাকার আব্দুর রব ও ফরিদা বেগমের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী গ্রামের মো. হুমায়ুন কবির ও সাজেদা বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা কাঠেরপুল এলাকার দুলু হাজী রোডে এবং সোহাগ দক্ষিণখান থানার আশকোনা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে তল্লাশি চালানো হলে র্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি কালো রঙের র্যাব কটি, দুটি কালো ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, একটি র্যাবের আইডি কার্ড, একটি ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো প্লাস্টিকের টাইস এবং ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫ নম্বরের একটি এফজেড-১ ভার্সনের মোটরসাইকেল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
