বিজয় বার্তা ২৪ ডট কম
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করতে চেয়েছিল কিন্তু বেচা হয়নি। এখন বাংলাদেশীদের দোযখের পথে নিতে চায়। দেশে যখন আমরা চেষ্টা করছি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির জন্য কাজ করতে তখনই একাত্তরের পরাজিত শক্তি আবারো বাংলাদেশের নতুন করে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়।
সোমবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর শিশু পার্ক উদ্বোধন শেষে তারাবো পৌর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সরকারের ১ ইঞ্চি জমিও কোন দখলদারের আয়ত্বে থাকতে দেয়া হবে না। সরকারি জমি উদ্ধার করে আমরা জনগণের কাজে সরকারি কাজে ব্যবহার করব। ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজ করার অনীহা একদিনে ঠিক করা যাবে না।
বাংলাদেশ যখনই স্থিতিশীল অবস্থার দিকে যায় তখনই পলাতক স্বৈরাচাররা বলে ডিসেম্বরে দেশে আসব আরেকদল বলে বোর্ডে সরকার পতন করে ফেলবে। এসব বলে কোন লাভ হবে না। আপনারা যে রাজপথের ভয় আমাদের দেখাচ্ছেন আমরা সেই রাজপথ থেকে সংসদে ও মন্ত্রণালয়ে গিয়েছি।
এ সরকার যখন যাত্রা শুরু করে ৩০ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে শুরু করেছিল। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করার সাহস দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির জন্য ৭০ হাজার কোটি টাকা বাজেটের বরাদ্দ রেখেছেন।
পরে ভুমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তারাবো পৌরসভায় বৃক্ষরোপণ ও সাবমারসিবল পাম্প বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ আরো অনেকে।

