বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দুই আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।
পিপি আবুল কালাম আজাদ জাকির জানান, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে ঘটনাটি ভিন্নখাতে নিতে মরদেহ ভবন থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

