বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি মাদরাসা ভবন থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মোরসালিনকে (২০) মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ। এর আগে সোমবার ২৪ আগস্ট ২০২৬ নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার আহম্মেদনগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার একটি কক্ষ থেকে মোরসালিনের হেফাজতে থাকা ২০০ বোতল ফেন্সিডিল ও ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা এবং গাঁজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় সোনারগাঁও থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বাদী হয়ে ২৯ মার্চ ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে ২ জুলাই ২০২৫ মোরসালিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘বিচারিক কার্যক্রম শেষে আদালত ফেন্সিডিল রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

