বিজয় বার্তা ২৪ ডত কম
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ন ও আধুনিকায়নের লক্ষে গঠিত ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ (এনডিনএ) এক নতুন অধ্যায়ে পদার্পণ করল। মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। এর আগে, গত ১২ জুন ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ক্লীনম্যান হিসেবে পরিচিত মাসুকুল ইসলাম রাজীবের এই নতুন যাত্রাকে ঘিরে জেলার সচেতন নাগরিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একইসঙ্গে নবগঠিত এই প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশার ঝুলিও বেশ দীর্ঘ।
শিল্পনগরী নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান নগরায়নকে শৃঙ্খলায় আনতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যেই এনডিএ প্রতিষ্ঠা করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে এটি পরিচালিত হবে। মাসুকুল ইসলাম রাজীব প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় এই প্রতিষ্ঠানের বুনিয়াদ গড়ার বড় দায়িত্ব এখন তার কাঁধে।
নারায়ণগঞ্জের সুধীসমাজ মনে করছেন, স্থানীয় সমস্যা সম্পর্কে রাজীবের গভীর জ্ঞান এবং তরুণ নেতৃত্বের উদ্যম এনডিএ-কে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করবে। এখন দেখার বিষয়, সীমাবদ্ধতা জয় করে তিনি কীভাবে একটি আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ উপহার দেন।

