বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি ঘরসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের সিরাজদৌলা ক্লাব সংলগ্ন বন্দর কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বন্দর স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, দুপুর ১২টা ২১ মিনিট দেওয়ান বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৭ মিনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে মো. লিটন দেওয়ানের (৫০) দোচালা ঘরের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় বাদল দেওয়ানের (৬৫) ঘরের পাশের তৃতীয় তলা ভবনের দেয়াল এবং চম্পা বেগমের (৬০) ঘরের পূর্ব পাশের একটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

