বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পুত্রকে দেখে ফেরার পথে ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাবার নাম রজব আলী। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
পুলিশের ভাষ্য, আবুল হোসেন তার ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। তাঁর ছেলে স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। তাকে দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক রুমান মোল্লাকে (২৩) আটক করে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় তাঁকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
