বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সোহাগ ‘বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশন’ এবং ‘নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতি’র সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চেম্বার ভবন মিলনায়তনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা গ্রহণকালে মো. সোহাগ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যবসায়ী সমাজ আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি তার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবো। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। একটি আধুনিক ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে ব্যবসায়ীদের ভূমিকা হবে অগ্রগণ্য।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে মো. সোহাগকে অভিনন্দন জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং শিল্প-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, মজিবুর রহমান, হানিফ সরদার, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, মো. সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশন এবং আটা ময়দা মিল মালিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং এই খাতের ব্যবসায়ীদের সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।

