বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। আবেদনের ভাষ্যমতে, এমপিপুত্র সজীবকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়ার বিষয়ে ২২ জুন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তাতে বলা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির এমপি আজহারুল ইসলামের ছেলে সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ২১ জুন গভীর রাতে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করে সজীবের লোকজন। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেওয়া হয়। ওই শিল্প গ্রুপের বাইরেও বিভিন্ন কারখানার পণ্যবাহী গাড়ি আটকে দিয়ে টাকা আদায় এবং ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।
সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও হেফাজতে নেওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সালাহ উদ্দিন রিগ্যান বলেন, অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতা জুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশনের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ও রাজনীতিকে জনগণ অর্থ উপার্জনের হাতিয়ার মনে করে।

