বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া পাওয়ার হাউস এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত (৩১), সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার দুরুদ খানের ছেলে। তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় শান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

