বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের ফ্ল্যাট থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
বুধবার বিকালে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
নিহত সাথী (৩৮) ওই এলাকার বাসিন্দা মো. জনি (৪০) মিয়ার স্ত্রী। জনি পেশায় একজন সেলুন কর্মচারী। তারা ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ওই দম্পতি পাঁচ বছর ধরে ওই বাসায় ভাড়া থাকেন। মাত্র ১২ দিন আগে তার এক মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়া তার ১৬ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যে বন্দর এলাকায় কাজ করে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বন্দর থানার ওসি বলেন, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
