বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় বিভিন্ন ফার্মেসিতে ঔষধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম পাওয়া যায়। এ কারণে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা ভঙ্গের অভিযোগে ছয়টি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা মো. কবির হোসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনগণের নিরাপদ ও মানসম্মত ঔষধপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
