বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাই পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় সোমবার আদালত পরবর্তী ধার্য তারিখ ১ জুলাইয়ের মধ্যে পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এদিন মামলার আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন আদালতে হাজিরা দেন। অপর দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান সীমান্ত পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ। তিনি বলেন, ধার্য তারিখে মামলার আসামিরা আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত আগামী ১ জুলাই পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, আগের ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছিল। কিন্তু তিনি অগ্রগতির বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন আদালতে দাখিল করেননি। এ কারণে দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
এদিকে ত্বকীর বাবা রফিউর রাব্বি তদন্ত প্রতিবেদন দাখিলে দীর্ঘসূত্রিতার সমালোচনা করে বলেন, তদন্তকারী সংস্থা এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে। হত্যাকাণ্ডের ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। গত ২৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আরও ৩০ দিনের সময় চেয়ে আদালতকে জানান, প্রতিবেদন তৈরিতে এখন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন। তিনি প্রশ্ন তুলে বলেন, এই অনুমোদনের জন্যও কি মাসের পর মাস সময় চলে যাবে।
