বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ।
এর আগে গত শুক্রবার (২২ মে) রাতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সদর উপজেলার সিটি পার্ক (রাসেল পার্ক) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—জাহিদ হাসান (২৬), মাশরাফি (১৯), আব্দুর রহমান (২৩), আমানুল্লাহ (১৯) ও সিয়াম (১৯)। এদের মধ্যে জাহিদ হাসানকে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে উল্লেখ করেছে র্যাব।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মোবাইল অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এতে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটি পার্ক এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে র্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

