বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নারায়ণগঞ্জে নৌ-মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি জোরদারে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে আয়োজিত এই মহড়ায় নৌ দুর্ঘটনার সময় যাত্রীদের করণীয়, আত্মরক্ষার কৌশল এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রমের বাস্তব চিত্র প্রদর্শন করেন। পাশাপাশি যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকাসহ নিরাপদ নৌযাত্রার বিষয়ে সচেতন করা হয় যাত্রীদের।
ঈদযাত্রা নিরাপদ রাখতে জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছে ফায়ার সার্ভিস। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের সচেতনতাই নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
