বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বুধবার বেলা ১০টায় র্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপিজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র্যাব।
তিনি আরো জানায়, এসময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ০৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া র্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
