বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি শর্টগান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ও শুক্রবার ভোরে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
পরে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

