বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় ফ্রেশ সল্ট কারখানায় (মেঘনা গ্রুপ) অক্সিজেন সিলেন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নিহত শ্রমিক মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়, উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার মেঘনা গ্রুপের সল্ট কারখানায় মেহেদী হাসান অক্সিজেন সিলেন্ডার লোড আপলোডের কাজ করেন থাকেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আনলোডের কাজ করার সময় একটি অক্সিজেন সিলেন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় মেহেদী হাসান ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য বলেন, অক্সিজেন সিলেন্ডার বিস্ফোরণ একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

