বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চালাকচর গ্রামে এক বসত বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মো. জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার, চার ভরি রুপার গহনা, নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কম্বল ও দুটি লাইট নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলেও ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

