বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল হওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত ২২ ও ২৩ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দলের সভাপতি শেখ হাসিনা দেশের সব সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথি, নেতা-কর্মী, সমর্থক এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক দলের নেতা, সব শ্রেণিপেশার মানুষ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
২০তম সম্মেলনে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিসিক্ত হয়ে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

