বিজয় বার্তা ২৪ ডট কম
দ্রুতবিচার আদালতে বদরুলের নির্মমতার বিচার চান খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে মেয়েকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছেন।
তিনি আরো বলেন, এমন ঘটনা যেনো আর না ঘটে। আর কোনো বদরুলের হাতে যেন কোনো নারী নির্যাতিত না হয়।
বৃহস্পতিবার সকালেই দেশে আসেন সৌদি প্রবাসী মাসুক মিয়া। এদিকে, নার্গিসের ভাই শামীম আহমেদও চীন থেকে এসে পৌঁছেছেন।
তিনি জানান, অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না।
উল্লেখ্য, সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষবর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।
