বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ কথিত সাংবাদিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট। বুধবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ, সোহেল মিয়া ও সুমন মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় যানবাহনে ও শিল্পপ্রতিষ্ঠানে ব্যাপক চাঁদাবাজী করার অভিযোগ রয়েছে। আন্ডারগ্রাউন্ড একাধীক পত্রিকার কার্ডকে পুঁজি করে গ্রেফতারকৃতরা প্রতিনিয়ত এলাকায় মাদক বিক্রি ও মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একাধীক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ ও সোহেল মিয়া একাধীক আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ড পকেটে নিয়ে ও ৪/৫ জনের একটি সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। এছাড়াও চক্রটি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে প্রতিনিয়ত বেপরোয়াভাবে চাঁদা উত্তোলন করে আসছিল। কোন যানবাহনের শ্রমিক ও মালিক এ সিন্ডিকেটের সদস্যদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাদেরকে মারধর, পত্রিকায় মিথ্যা রিপোর্ট করে দেওয়া ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকী দিত। এছাড়াও চক্রটি নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। চক্রটি এলাকার অনেক সাধারন মানুষকে ব্লাকমেলিংসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসলেও পুলিশ এতদিন তাদেরকে অজ্ঞাত কারনে গ্রেফতার করেনি। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার ও উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কাঁচপুর এলাকায় টহল ডিউটি করছিল। এসময় পুলিশ কাঁচপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পরিত্যাক্ত সোনারগাঁ ফিলিং ষ্ট্রেশন এলাকা থেকে ইয়াবা বিক্রি করা কালীন সময়ে কথিত সাংবাদিক মাসুম বিল্লাহ ও সোহেল মিয়াসহ ৩ জনকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ মঞ্জুর কাদের পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাঁচপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, মাদক সেবন, পরিবহনে ও শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজী করার অভিযোগ রয়েছে। এতদিন ভয়ে কেউ চক্রটির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পায়নি। গতকাল বুধবার দুপুরে পুলিশ তাদেরকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধীক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

