বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে বলেছেন, প্রধানমন্ত্রীর রক্তচক্ষুর ভয়-ভীতি না থাকলে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকলে সরকারের মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যই রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিপক্ষে যে অবস্থান করবেন তাতে কোন সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর গতকালকের বিভ্রান্তমূলক বক্তব্যে দেশবাসী এক দিকে হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। দেশবাসী ও বিশ্ব সম্প্রদায়ের আকাংখার পক্ষে না দাড়িয়ে কার্যতঃ তিনি রামপাল প্রকল্প কেন্দ্রীক কোম্পানী ও স্বার্থান্বেসী মহলের বক্তব্যই কেবল তুলে ধরেছেন। তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আন্দোলন সম্পর্কেও তার বক্তব্য অশালীন ও শিষ্টাচার বহির্ভূত। তিনি জেদ-দম্ভ ও অহমিকা পরিহার করে রামপাল প্রকল্পের সমূদয় কার্যক্রম স্থগিত করে প্রয়োজনে গণভোটের আয়োজন করার দাবী করেন।
আজ ২৮ আগষ্ট রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসিক নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসাবে এড. মাহবুবুর রহমান ইসমাইল এর নাম ঘোষনা করে তিনি বলেন, তৃণমুলে উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করতে স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহীমূলক ও ক্ষমতাস¤পন্ন প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা দরকার। এক্ষেত্রে দলীয় প্রতীকে নির্বাচনের চেয়ে অনেক বেশী জরুরী হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সবচেয়ে কাছের সরকার হিসাবে কার্যকরি ও শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তোলা। বিদ্যমান অগণতান্ত্রিক পরিবেশ ও এককেন্দ্রীক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোতে দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃণমুল পর্যায়ে সরকারি দল, বিরোধীদল ও জোট মহাজোটের রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছাঁয়ায় দলীয়করণ ও দলবাজির বিপদ আরো বৃদ্ধি পাবে; সহিসংতা ও হানাহানিও বৃদ্ধি পাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।
কমরেড সাইফুল হক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্যদের খবরদারি এবং সরকারের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যতঃ দুর্বল, পঙ্গু ও অকার্যকরি হয়ে আছে। এই পরিস্থিতির পরিবর্তনে তার প্রয়োজনীয় সংস্কার সাধন করতে না পারলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যতই মাতামাতি করা হোক না কেন বাস্তবে তাতে তৃণমুল পর্যায়ে উন্নয়ন-অগ্রগতির নেতৃত্ব দানকারী গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন কার্যকরি ভূমিকা রাখতে পারবে না।
তিনি বলেন,আশার কথা হলো বহু ঐতিহ্য আর শিক্ষা-দিক্ষা, জ্ঞান-গরিমায় সমৃদ্ধ এ নারায়ণগঞ্জ বাসী। মহান মুক্তিযুদ্ধসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে বুক চিতিয়ে সাহসিকতার সাথে জীবনপন লড়াইয়ে অবতির্ণ হতেও এরা কখনোই পিছ পা হয়ননি। এছাড়াও ইতোমধ্যে এডভোকেট চন্দন সরকারসহ ৭ খুনের ঘটনার জোরালো প্রতিবাদ, ও ত্বকী হত্যাসহ বহু ঘটনায় নারায়ণগঞ্জ ক্ষমতাসীনদের বিরুদ্ধে তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রুখে দাড়ানোর স্পর্ধা দেখাতে পেরেছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, আমাদের শক্তি ও সাহসের জায়গা এটাই। নারায়ণগঞ্জের এই সাহসি জনগণকে সঙ্গে নিয়ে শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পরিক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সন্ত্রাস-মাদক ও লুটপাটমুক্ত সাধারণ মানুষের বাসযোগ্য একটি আধুনিক সুন্দর নারায়ণগঞ্জ সিটি প্রতিষ্ঠা, যে কোন অন্যায় অত্যচারের বিরুদ্ধে দাড়িয়ে একটি অবাধ সুষ্ঠ ও গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার লাড়ইকে বেগবান করার লক্ষ্যে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আমাদের দলীয় প্রার্থী গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতমনেতা গার্মেন্টস শ্রমিক আন্দোলনের জাতীয় পর্যায়ের নেতা শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল-এর প্রতি আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

