বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে জানাবে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে এসোসিয়েশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ২৬ আগস্ট শুক্রবার থেকে টিকিট বিক্রির।
মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে এসেছে। এতে গতকালের (সোমবার) যে সভার কথা বলা হয়েছে, সেটি আসলে বাস ম্যানেজারদের অফিসিয়াল বৈঠক ছিল না। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বাস ম্যানেজাররা একত্রিত হয়েছিল। সেখানে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে টিকিট বিক্রির বিষয়টি।’
তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় অ্যাসোসিয়েশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হবে। সেখানে অগ্রিম টিকিট বিক্রির তারিখটি চূড়ান্তভাবে জানানো হবে।’
তিনি বলেন, ‘এখনো বৈঠকের ভেন্যু চূড়ান্ত হয়নি। কারণ এটি গাবতলী কার্যালয়ে বা কোনো বাস মালিক সমিতির অফিসে হয়। সন্ধ্যা নাগাদ বৈঠকের ভেন্যু চূড়ান্ত হয়ে যাবে। তবে বৈঠক হচ্ছে, এটি পুরোপুরি চূড়ান্ত।’
অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ সর্ম্পকে মো. সালাউদ্দিন বলেন, ‘চূড়ান্ত তারিখটি ২৬ আগস্ট হওয়ার সম্ভাবনা। কারণ, এটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। এই তারিখকে সামনে রেখেই আলোচনা হবে। আগামীকালের বৈঠক শেষে চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রসঙ্গত, গতবছর ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়। ঈদের ১৪ দিন আগে ১১ সেপ্টেম্বর বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
