বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদ যাত্রায় সড়ক-মহাসড়ক রেল ও নৌপথে বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। এবারের ঈদ যাত্রা আগের চেয়ে স্বস্থির ও নিরাপদ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী।
শনিবার বেলা ১১ টার দিকে তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এরপর তিনি খানপুরে আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল ও নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ পরিদর্শণ করেন।
পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পন্য খালাস না করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের সংকট তৈরি করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে নৌ মন্ত্রী বলেন, ইতিমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জের নদী বন্দরে নির্মাণধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

