বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী হত্যা মামলায় রফিকুল ইসলাম সবুজ নামের একজনকে মৃত্যুদণ্ড ও তার সহোদর মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তৃতীয় ভাই মামুনকে খালাস প্রদান করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে এ আদেশ দেন।
দণ্ডিত ও খালাসপ্রাপ্ত তিনজনই রূপগঞ্জের কেরাব মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ পলাতক ছিলেন। তবে অপর দুই ভাই উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ৪ এপ্রিল পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জের কালাদীস্থ হেকমত আলীকে নিজ বাড়িতে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে। এ ঘটনায় হেকমত আলীর স্ত্রী রোকসানা বেগম ঘটনার ১০ দিন পরে ১৪ এপ্রিল থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে হেকমত আলীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত করে অভিযুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
তিনি আরও জানান, বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে সবুজকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন। একইভাবে তার সহোদর মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তৃতীয় ভাই মামুনকে খালাস প্রদান করেন।
