হবিগঞ্জ,বিজয় বার্তা ২৪
পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলমের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম এ অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে পঞ্চায়েত আব্দুল আলী বাগল, তার ছেলে জুয়েল ও রুবেল, শাহেদ, আরজু এবং বশির কারাগারে বন্দি রয়েছেন। বাকি ৩ আসামি পলাতক রয়েছেন।
এ ছাড়া কারাগারে বন্দি অপর আসামি সালেহর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটির নিচে ওই ৪ শিশুর লাশ পাওয়া যায়।