বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে হকার ইস্যুকে কেন্দ্র করে শামীম ওসমান সমর্থক,হকার ও আইভী ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার পুলিশ মামলা দায়ের করেছেন।
বুধবার রাতে অজ্ঞাত ৫’শ জনকে আসামীকে সদর মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে তদন্তের স্বার্থে আরো সাত কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।
মামলার বিষয়ে সদর মডেল থানার তদন্ত ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, হকার ইস্যুতে বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর মডেল থানার ওসি(অপারেশন)জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশের কাজে বাঁধা ও হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়।
তদন্তের সময় বাড়ানো প্রসঙ্গে, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, তদন্ত কমিটির বেঁধে দেওয়া সময় বুধবার শেষে হয়েছে। ঘটনাটি একটি বড় ঘটনা। সেখানে মেয়র, সাংবাদিকসহ অনেক মানুষ আহত হয়েছেন। এখানে অনেক ভিকটিম। অনেকের সাক্ষ্যগ্রহণ করতে হবে। প্রথমে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ে সবার সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। সেজন্য সুষ্ঠুভাবে তদন্ত করতে আরো সাত দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছে। তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক রাব্বি মিয়া আরো সাত দিনের সময় বাড়িয়ে দিয়েছেন। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।
