বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে এক কোটি টাকা মূল্যের ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা ঘাট আশাড়িয়ার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে বাস থেকে ৩৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জুবাইদ ভূইয়া @ বিদ্যুৎ (৩০) নরসিংদি জেলার শিবপুর গাগুটিয়া গ্রামের হিরন মিয়ার ছেলে, মো. মামুন (৫২) জামালপুর জেলার বকশীগঞ্জ মিয়াপাড়া গ্রামের মৃত আলমাসের ছেলে ও আব্দুল আউয়াল সিদ্দিক(৩০) একই জেলার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। এই সংবাদের ভিত্তিতে রিলাক্স কিং নামে একটি বাসকে থামিয়ে তল্লাশী চালাই। গাড়ির পিছনের সিটের পিছনের বডি থেকে ইয়াবা পাওয়া যায়। এসময় ৩৬ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এ ঘটনায় গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এরা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

