বিজয় বার্তা ২৪ ডট কম
মাত্র ৪ দিনের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি হত্যার সঙ্গে যুক্ত রয়েছে। বাকিরা হত্যার পরে লুট করে নেয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত বলে জানায় পিবিআই।
শনিবার সকালে পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, অটোরিকশা লুটের উদ্দেশ্যই চালক সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্কচটেপ পেঁচিয়ে হত্যা করে ঘাতকরা। অটোরিকশাটিকে ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যার পরেই তা লুট করে নিয়ে যায়।
পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে হত্যার সঙ্গে জড়িত সুজন মিয়া (৩৩) ও শফিকুল ইসলাম হীরাকে (৩৯) গ্রেফতার করা হয়। পরে অটোরিকশাটি কেনা-বেচার সঙ্গে জড়িত আরও তিনজন দুলাল (৪৫), আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়। লুট হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, আসামী সুজন ও শফিকুল ইসলাম হীরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে পাঁচজনই অটোরিকশা ছিনতাই ও কেনা-বেচা চক্রের সদস্য। তবে যাদের কাছ থেকে অটোরিকশা উদ্ধার করা হয়েছে তাদের সম্পৃক্ততার বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে হতাশ হয়ে পড়েছে। তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ২০ জানুয়ারী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কচটেপ মোড়ানো প্রতিবন্ধী অটোচালক সোহলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মহাসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
