বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি দল।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১১ এর লে: কমান্ডার ও কোম্পানি কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রক্সি মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, রক্সি দীর্ঘদিন যাবত সোনারগাঁ ও পার্শ্ববর্তী এলাকায় তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। উপজেলাব্যাপী অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। এ সন্ত্রাসী তার সংঘবদ্ধ গ্রুপ দ্বারা অসংখ্য সাধারণ মানুষের জমি দখল, স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে চাঁদাবাজি, মানুষকে অপহরণ করে মুক্তিপণ, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে সর্বস্ব লুট করে নেন। এছাড়া তিনি টেকনাফ সীমান্ত হতে ইয়াবা ও ফেনসিডিল এনে তা নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহ করতেন। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রক্সিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
