বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় ইসলামি ব্যাংকের সামনে থেকে মাদকসহ একটি মাইক্রোবাস আটক করেছে র্যাব-১১। মাইক্রোবাস থেকে দুই মাদক ব্যবসায়ী ও চালককে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৭’শ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোন। গতকাল বুধবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত শরাফত আলীর ছেলে মো: কামরুজ্জামান (৪১), চাঁদপুর জেলার কচুয়া থানার যোগীচাপর এলাকার হাফেজ আব্দুল মুমিনের ছেলে মো: নুরুন্নবি (২৯), ও বন্দর থানার চানপুর এলাকার আব্দুর রফিকের ছেলে মাইক্রোবাস চালক মো: ছানা উল্লাহ (৪৮)। এসময় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দু’টি চটের বস্তায় ৭’শ বোতল ফেনসিডিল, মাদক বিক্রর নগদ ১১ হাজার ১’শ ৮০ টাকা, ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। মাদক বহন এবং বিক্রির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৫০) আটক করা হয়। বিকেলে র্যাব-১১ কোম্পানী অধিনায়ক মেজর আশিক বিল্লাহ গনমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মেজর আশিক আরো জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরিবহনের ছত্রছায়ায় মাইক্রোবাসে করে কুমিল্লা হতে মাদকের বড় বড় চালান কৌশলে নিয়ে এসে নারায়ণগঞ্জের সোনারগাঁ সহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারীভাবে মাদক বিক্রি করে আসছে। র্যাব-১১ এর একটি চৌকসদল দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বুধবার সকালে মাদকসহ তাদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
