বিজয় বার্তা ২৪ ডট টকম
সোনারগাঁ থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে মঙ্গলবার এ রিমান্ড শুনানি হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামিদের সোনারগাঁ থানায় নেওয়া হয়। কোর্ট পুলিশ পরিদর্শক সোহেল আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই (শনিবার) শনিবার সকালে ঢাকার উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল হাসনাতের নেতৃত্বে প্রায় ৮০ জন জঙ্গী ও শিবির কর্মী সোনারগাঁ পৌরসভাস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গোপন বৈঠক করছিলো। এ সময় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাহমুদ মুঈন সাদা পোশাকে জাদুঘরের সামনে দিয়ে আসার পথে লোকজন দেখে সন্দেহ হলে তিনি সোনারগাঁ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন। তখন তার সাথে ওয়াকিটকি দেখে জঙ্গী ও শিবির কর্মীরা আল্লাহু আকবার বলে তার উপর হামলা চালায়।
খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই সাধন চন্দ্র বসাকের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থলে আসলে জঙ্গী ও শিবির কর্মীরা তাদের উপরেও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদী বই, লিফলেট, পোষ্টার, প্যাড, ব্যানার-ফেস্টুন ও অন্যান্য সরঞ্জামসহ ৪৩ জন জঙ্গী ও শিবির কর্মীকে আটক করে। এ সময় সোনারগাঁ থানার এসআই মাহবুব মঈন, এসআই সাধন চন্দ্র বসাক, কনস্টেবল, আজিজ মিয়া আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
