বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি শিপন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার আল মামুন শিকদার।
তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বাদীর দুই মেয়ে শিশুকে বাসায় একা পেয়ে চকলেট ও টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিপন শিশুদের তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ কথা কাউকে না জানানোর জন্য হত্যা করে মাটিতে পুতে গুম করার হুমকি দেয়। পর শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মা বাবাকে বলে। পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে তারা বিচার সালিশির আশ্বাস দিলেও আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে বিচারকরা। বিচার না পেয়ে পরিবার বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে। প্রযুক্তির মাধ্যমে আসামিকে সিলেট থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দী দেয় বলে জানান পুলিশ সুপার।

