আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
সিরিয়া নিয়ে বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় যদি স্থলসেনা পাঠানো হয়, তাহলে যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে পারে অথবা তা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।
আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির হ্যান্ডেলসব্লাট মেদভেদেভের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি বলেছেন, কোনো পক্ষ যদি সিরিয়ায় স্থলসেনা পাঠায় তাহলে সবাইকে এই যুদ্ধে অংশ নিতে হবে।
সম্প্রতি সৌদি আরব সিরিয়ায় স্থলসেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মেদভেদেভ বলেন, মার্কিন ও সৌদি আরবের নেতাদের ঠিক করতে হবে, তারা কি স্থায়ী যুদ্ধ চান অথবা চান না।
মেদভেদেভ মূলত বলতে চেয়েছেন, সিরিয়ার বিদেশি সেনা পাঠানোর যে পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা যেন তা থেকে সরে আসে। না হলে তা বিশ্বযুদ্ধের আকার নিতে পারে।
সিরিয়া সংকট সমাধানে পশ্চিমা নেতাদের সমালোচনা করে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সিরিয়া সংকট সমাধানে তারা যেন আগ্রহী নন।
এদিকে এমন এক সময় মেদভেদেভের এই সাক্ষাৎকার প্রকাশ করা হলো, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে-বিপক্ষে লড়াই করা শক্তিগুলো অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। সিরিয়ার মাটিতে যে পক্ষগুলো যুদ্ধ করতে এবং বিশ্বের পরাশক্তিগুলো পক্ষে-বিপক্ষে সাহায্য করছে, সবাই এই অস্ত্রবিরতে সম্মত হয়েছে। এই সুযোগে দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছানোর কাজ করবে মানবাধিকার সংস্থাগুলো।