নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি ও প্রদর্শনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে গঠিত এই টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে অভিযান চালায়। অভিযানে সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোর নামক প্রতিষ্ঠান থেকে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বিক্রয় ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা পরিবেশের ক্ষতিকর উপাদান নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

