বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮,৮৬০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-১১। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে বৃহষ্পতিবার বিকেলে থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শহিদুল নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১৮,৮৬০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী শহিদুল হক দিপু নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন বরপিট এলাকার মজিবুল হকের ছেলে।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত শহীদুল হক দিপু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন উর্দ্ধতন সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

