বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স সংক্রান্ত অনিয়মের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত “মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)” নামক প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জৈনপুর ক্লিনিক”-এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, ক্লিনিকটির হালনাগাদকৃত লাইসেন্স নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
উভয় অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
