বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসের চাপায় কহিনুর আক্তার (২৯) নামে পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত কহিনুর আক্তার বরিশালের বাকেরগঞ্জ এলাকার আব্দুল হাকিম কাজীর মেয়ে। সে সিদ্ধিরগঞ্জের আহসান নিটিং গার্মেন্টেসের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, সকালে গার্মেন্টেসে যাওয়ার জন্য শিমরাইলের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল কহিনুর আক্তার। ওইসময় আদমজী ইপিজেডগামী ‘রাহুল পরিবহন’ নামে একটি স্টাফ বাস কহিনুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে। পরে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
