বিজয় বার্তা ২৪ ডট কম
সাভারে আন্দোলনরত শিক্ষার্থী শাইখ আস-হাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
এর আগে ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন শাইখ আস-হাবুল ইয়ামিন। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।#
